ব্রিসবেন টেস্টে ইংল্যান্ড পরাজয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি স্লো ওভার রেটের কারণে তাদের পুরো ম্যাচ ফি কেটে নিয়েছিল আইসিসি।
তবে গত শুক্রবার ইংল্যান্ড দল আরও বড় খারাপ সংবাদ পেয়েছে। আইসিসি তাদের ৫ পয়েন্টের পরিবর্তে ৮ পয়েন্ট কেটে নিয়েছে। অর্থাৎ আগের চেয়ে ইংলিশদের ৩ পয়েন্ট কাটা গিয়েছে।
গত শনিবার ঘোষণা করা হয়েছিল, ইংল্যান্ডের পাঁচ পয়েন্ট কাটা হবে। প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যাবে। প্রথমে হিসেব অনুযায়ী পাঁচটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা হয়েছিল। পরে হিসাব করে দেখা যায় ৮ ওভার কম বল করেছে ইংল্যান্ড। তাই ৮ পয়েন্ট তাদের কেটে নেয়া হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়ম অনুযায়ী প্রতি ওভার কমের জন্য ১ টি করে পয়েন্ট কাটা যাবে। প্লেইং কন্ডিশন ১৬.১.২ ধারা অনুযায়ী তাই ইংল্যান্ডের ৮ পয়েন্ট কেটে নেয়া হয়েছে।
এর আগে গত জুলাইয়ে ভারতের বিপক্ষে টেস্টে ২ পয়েন্ট হারিয়েছিল ইংল্যান্ড। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে এক জয় ও এক ড্রয়ে ইংলিশদের পয়েন্ট ১৬ থাকার কথা থাকলেও মোট ১০ পয়েন্ট জরিমানা গুনে এই মুহূর্তে জো রুটের দলের পয়েন্ট মাত্র ৬।








