প্রায় সকল ক্রিকেট খেলুড়ে দেশেরই নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ আছে। শ্রীলঙ্কারও ছিল। কিন্তু ২০১২ সালের পর থেকে অর্থের অভাবে সেই লিগ এখন পর্যন্ত বন্ধ। বন্ধ থাকা লিগকে নতুন করে শুরু করার উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাতে থাকছে না বিদেশি খেলোয়াড়ের খেলার সুযোগ।
মোট চারটি দল নিয়ে আয়োজন করা হবে ‘শ্রীলঙ্কা ক্রিকেট টি-টুয়েন্টি লিগ’ নামের প্রতিযোগিতাটি। ভিনদেশি খেলোয়াড় না থাকলেও ভিনদেশের লিগ খেলা জাতীয় দলের খেলোয়াড়রা সবাই খেলবেন এই লিগে। লিগ শুরু হবে ২১ আগস্ট থেকে।
বিদেশি খেলোয়াড় না থাকায় মোটেও জমবেনা লিগ, এমনটা ভাবছেন না এসএলসির কর্তারা। বরং আইপিএলের মতো জমকালো হওয়ার পাশাপাশি উঠতি প্রতিভাদের ভালমত পরিচর্যা হবে এ লিগের মাধ্যমেই এমন বিশ্বাস তাদের।
‘নতুন এ লিগের মাধ্যমে উঠতি খেলোয়াড়দের সুযোগ দেয়ার পাশাপাশি তাদের পরিচর্যা করা হবে। দেশের সেরা খেলোয়াড়দের পাশে খেলার সুযোগ পাওয়ায় নিজেদের মেধাকে বাড়ানোর বড় সুযোগ থাকছে তাদের সামনে।’ -কলম্বোতে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা।








