রফিক শিকদারের ‘হৃদয় জুড়ে’ ছবিতে একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ঐশী। ‘গানে দিলে দিলে মারে তালা, এই অন্তরে বাড়ে জ্বালা’ গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ন। গত শনিবার রাজধানীর বাংলামোটরের একটি ষ্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ঐশী।
ঐশী বলেন, ‘সাধারণ গানের চেয়ে আইটেম গান কিছুটা আলাদা। এসব গানে অভিব্যক্তির ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দৃশ্যকল্পের কথা চিন্তা করে কণ্ঠেও ভিন্নতা আনতে হয়। গাওয়ার ক্ষেত্রে অভিনয়ের ব্যাপারটা বেশি প্রাধান্য পায়; যা চলচ্চিত্রের অন্য গানের ক্ষেত্রে খুব একটা অনুসরণ করতে হয় না।’
‘হৃদয় জুড়ে’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নিরব আর কলকাতার নায়িকা প্রিয়াংকা সরকার। ছবিতে আরও অভিনয় করবেন নবাগত যুবরাজ, আলী রাজ ও মিশা সওদাগার।








