‘অ্যাভাটার টু’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। শোনা যাচ্ছে এই ছবিতে থাকছেন ভিন ডিজেলও। এই গুঞ্জন উস্কে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।
এমটিভি নিউজ রিপোর্টার জোশ হরোউইটজকে দেয়া এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে জিজ্ঞেস করা হয়েছিল, অ্যাভাটার টু-তে তিনি থাকছেন কিনা। উত্তরে অভিনেতা বলেছেন, ‘আমি নির্মাতার সঙ্গে সময় কাটিয়েছি কিন্তু ছবির শুটিং এখনও শুরু করিনি। আমি জেমস ক্যামেরনকে ভালোবাসি। এই সিরিজটিও ভালোবাসি। আমরা একসঙ্গে কাজ করবো, মনে হয় এটা বলার সময় এসেছে।’
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার।’ ২০১৮ সালে ঘোষণা দেয়া হয়েছিল ২০২২ সালের ১৬ ডিসেম্বর এই ছবির দ্বিতীয় কিস্তি আসছে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। ২০২৬ সালের ১৮ ডিসেম্বর আসবে চতুর্থ কিস্তি এবং ২০২৮ এর ২২ ডিসেম্বর আসবে পঞ্চম কিস্তি।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনীনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট। ইন্ডিয়ান এক্সপ্রেস







