নানা বক্তব্যের কারণে বাংলাদেশ ও ভারতে বিতর্কিত হয়েছেন ইসলামিক বক্তা জাকির নায়েক। এই সময়ে সপ্তাহব্যাপী সৌদি আরবে কাটানোর পর নিজ দেশ মুম্বাইতে ফেরার কথা ছিলো তার। কিন্তু সেটা না করে তিনি পাড়ি জমাচ্ছেন আফ্রিকায়।
কথা ছিলো মুম্বাইতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। কিন্তু তিনি হঠাৎ জানান, আগে থেকেই কর্মসূচি ঠিক করে রাখা আছে আফ্রিকার কয়েকটি দেশে।
জাকির নায়েকের বক্তব্য ইসলামের প্রচারের নামে তরুণদের মগজধোলাই করে আইএসে যোগ দিতে উৎসাহ জোগাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় পিস টিভির সম্প্রচার। ইউটিউবেও যাতে সেসব দেখা না যায়, সেজন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় উভয় দেশের পক্ষ থেকে।
জানা গেছে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরলেই তদন্ত শুরু হবে জাকির নায়েকের বিরুদ্ধে। তার আইএসের সঙ্গে সংযোগের অভিযোগ ওঠায় গ্রেফতার করার ভাবনাচিন্তাও শুরু হয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, সেই আঁচ পেয়েই সম্ভবত জাকির নায়েক দেশে ফেরা এড়িয়ে গেলেন।
যদিও সৌদি আরব থেকেই জাকির নায়েক ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ভারত সরকারের পক্ষ থেকে এখনও আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তদন্তের স্বার্থে আমি গোয়েন্দাদের সব রকম সাহায্য করতে প্রস্তুত। তবে বিভিন্ন ক্ষেত্রে আমার বক্তব্যকে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সংবাদমাধ্যমই আমার বিচার করছে।







