নর্থ কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেশটিকে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি উদ্ধত্যপূর্ণ, উস্কানীমূলক আচরণের জন্য গভীর উদ্বেগও প্রকাশ করে সংস্থাটি। তবে এই নিন্দার জবাবও দিয়েছে নর্থ কোরিয়া কড়াভাবে। এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকেই মূল অপরাধী বলেছে দেশটি।
নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে, পরমাণু কার্যক্রম বন্ধ এবং কোরিয়ান উপকূলসহ এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি থেকে বিরত থাকতে নর্থ কোরিয়াকে বলা হয়। এর প্রেক্ষিতে নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলে, এই অঞ্চলের ‘আসল আগ্রাসনকারী।
বুধবার এমন একটি নিন্দা প্রস্তাব পাশের উদ্যোগ নিলেও রাশিয়ার অসহযোগিতায় তা আটকে যায়। রাশিয়া তখন এতে সমর্থনে অস্বীকৃতি জানালে শঙ্কা জাগে প্রস্তাবর ভবিষ্যত নিয়ে। স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতায় রাশিয়া কি নর্থ কোরিয়াকে দায়ী করার উদ্যোগটি ভেস্তে দিবে?, এমন প্রশ্নও জোড়ালো হয়। তবে বৃহস্পতিবার এই উদ্যোগকে আটকে দেয়ার কোন আকাঙ্ক্ষা নেই জানিয়ে রাশিয়া বলে তারা শুধু এই সংক্রান্ত নথিতে আরও কিছু শব্দ যোগ করতে চেয়েছিলো।
‘ডে অব দ্য সান’ পালন উপলক্ষে ক্ষেপণাস্ত্র, অস্ত্রের বিশাল প্রদর্শনীর আয়োজন করে নর্থ কোরিয়ান নেতা কিম জং উন। এর পরদিনই রবিবার তারা একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। যা ব্যর্থ হয় বলে জানায় সাউথ কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা। সেই পরীক্ষার প্রেক্ষীতেই নিরাপত্তা পরিষদের এই নিন্দা।
নর্থ কোরিয়াকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র দেশটির উপর হামলা চালাতে পারে এই আশঙ্কায় ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে রাশিয়া-চীন। যুদ্ধ বাধলে সৃষ্ট শরণার্থী স্রোত থামাতে তারা সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে।








