মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন। এই চার পেসারকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইংলিশ পেস কন্ডিশনের কথা মাথায় রেখে তাদের দলে রাখা হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া চোখ সুদূরপ্রসারী। ছয় মাস পর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে চোখ রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই চার পেসারকে স্কোয়াডে রাখা হয়েছে।
দলে অভিজ্ঞদেরই মূল্য দিয়েছেন অজি নির্বাচকরা। পড়তি ফর্মের কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার জেমস ফকনার। ২০১১ সালের পর এই প্রথম কোন বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন তিনি। ফকনারের জায়গায় ঢুকেছেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার ময়জেস হেনরিক্স। বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাজারও জায়গা হয়নি।
আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছিলেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিন। দ্রুত সুস্থ হয়ে ওঠায় তার ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা। তবে চোটজর্জরিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড টিকে গেছন। তার বিকল্প হিসেবে রাখা হয়েছে ট্রাভিস হেডকেও।
চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, ময়জেস হেনরিক্স, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়াইনিস ও অ্যাডাম জাম্পা।







