সিডনি টেস্টের তৃতীয় দিন শেষেই একটা জিনিস নিশ্চিত হয়ে গেছে, বড় কোনো অঘটন না ঘটলে ভারতের হারের সম্ভাবনা ক্ষীণই। অর্থাৎ, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জয় অনেকটা নিশ্চিত বিরাট কোহলির দলের! তৃতীয় দিনের শুরুতে মার্কাস হ্যারিসের লড়াকু ইনিংসের সুবাদে লড়াইয়ে ফেরার চেষ্টা করে অজিরা। কিন্তু ভারতীয় স্পিনারদের দাপটে কোমর ভেঙে যায় তাদের। দিনশেষে অজিদের স্কোর ৬ উইকেটে ২৩৬ রান। এখনও ভারতের প্রথম ইনিংস থেকে ৩৮৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
ভারতের বিশাল স্কোরের জবাবে শুরুটা সাবধানেই করেছিল অস্ট্রেলিয়া। ৭২ রানের ওপেনিং জুটি অজিদের ম্যাচে ফেরার স্বপ্নও দেখাচ্ছিল। সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। অজি ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন ভারতীয় স্পিন-জুটি।
হ্যারিস-খাজাকে যখন বিপজ্জনক মনে হচ্ছিল, তখন প্রথম আসরে নামেন কুলদীপ। ব্যক্তিগত ২৭ রানের মাথায় খাজাকে ফেরান। এরপই জাদেজার শিকার হন হ্যারিস। তার ৭৯ রানের ইনিংসই অজিদের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর ছোট ছোট জুটি তৈরি হলেও ভারতের জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়ায়নি। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন শন মার্শ, ট্রাভিস হেড, টিম পেইনরা।
কুলদীপ পান ৩ টি উইকেট। ২ টি উইকেট দখলে জাদেজার, সামি পেয়েছেন একটি উইকেট।
খারাপ আলোর জন্য খেলা নির্ধারিত সময়ের আগে শেষ না হলে আরও বিপাকে পড়তে পারত অস্ট্রেলিয়া। তবে দিনের শেষদিকে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেছেন পিটার হ্যান্ডসকম্ব এবং প্যাট কামিন্স। মেলবোর্ন টেস্টেও ভারতকে বেশ ভুগিয়েছিলেন কামিন্স।
ভারতের হাতে প্রথম ইনিংসের লিড হিসেবে এখনো রয়েছে ৩৮৬ রান। অন্যদিকে, ফলোঅন বাঁচাতে অস্ট্রেলিয়াকে করতে হবে এখনো ১৮৭ রান।







