দুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনের বস খ্যাত ক্রেইগ টাইলের কথায় আসরে যুক্ত হওয়ার খানিক সম্ভাবনা উঁকি দিয়েছিল নোভাক জোকোভিচের। কিন্তু টেনিস অস্ট্রেলিয়া অফিসিয়ালের কথায় সেই সম্ভাবনা টুকুও শেষ হয়ে গেছে। ভ্যাকসিন জটিলতা খোলাসা না কারায় আসরে অংশ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আয়োজকরা। সুযোগ হারাতে হচ্ছে সার্বিয়ান তারকাকে।
অজি আসরে অংশ নিয়ে টুর্নামেন্টটির রেকর্ড ১০ শিরোপার স্বাদ নেবেন ৩৪ বর্ষী টেনিস তারকা। সেটাই ছিল প্রত্যাশা। কিন্তু ভিক্টোরিয়া স্টেট ও টেনিস অস্ট্রেলিয়া খোলাসা করে জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট কোনো তারকার জন্য নিয়মের পরিবর্তন ঘটাবে না দেশটি।
টুর্নামেন্টে অংশ নিতে জোকোভিচসহ মোট ২৬ জন ভ্যাকসিন জটিলতা কাটাতে আবেদন জানিয়েছিলেন। টেনিস অস্ট্রেলিয়া জোকোকে ছাড় দিলে বাকিদেরও ছাড় দিতে হত। ফলে আসর হুমকির মুখে পড়তে পারত। যা কোনোভাবেই চাচ্ছেন না ভিক্টোরিয়ান ক্রীড়ামন্ত্রী জালা পুলফোর্ড।
‘আমি মনে করি টেনিস ভক্তরা জোকোভিচের ঘটনাকে হতাশাজনক পরিণতি বলে মনে করবে। কিন্তু আমাদের কিছু করার নেই। নিয়ন মানে নিয়ম। যা সবার জন্য প্রযোজ্য। কেউ বাড়তি সুবিধা পাবে না।’
বাড়তি সুবিধা পেতে পারেন জোকোভিচ, এমন খবরও ছিল টেনিস অঙ্গনে। দেশটির ১৬ বছরের উপরের ৯০ শতাংশ মানুষ এরইমধ্যে দ্বিতীয় ভ্যাকসিন সম্পন্ন করেছে।
১৭ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্নে কোর্টে গড়াবে লড়াই। আসর থেকে বাদ পড়ে ২১তম গ্র্যান্ড স্লামজয়ের অপেক্ষা দীর্ঘতর হচ্ছে সার্বিয়ান জোকারের।







