নক্ষত্র পতনের অস্ট্রেলিয়ান ওপেনে একমাত্র মহাতারকা তিনিই। দর্শকদের হতাশও করেননি রজার ফেদেরার। রেকর্ড সপ্তমবারের মত বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে গেছেন সুইস কিংবদন্তি।
ফেদেরারের রেকর্ড গড়ার ম্যাচে থামল হিউন চুংয়ের শিরোপা দৌড়। তিনি অবাছাই হয়েও এসেছেন সেমি পর্যন্ত। সেখান থেকে খেলার লড়াইয়ে নয়, চোটের কাছে হেরে বিদায় নিতে হল সাউথ কোরিয়ান তারকাকে।
চুংয়ের বিপক্ষে অবশ্য প্রথম সেটটা ৬-১ গেমে হেসে খেলেই জেতেন ফেদেরার। ছিলেন দ্বিতীয় সেট জয়ের পথেও। কিন্তু ৫-২ গেম পর্যন্ত ম্যাচ এগোনোর পরই চোটের কারণে কোর্ট ছাড়তে বাধ্য হন চুং।
নিজের ষষ্ঠ ও সর্বমোট ২০তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে ফেদেরারের বাধা কেবল ক্রোয়েশিয়ান মারিন সিলিচ। রোববার ফাইনালে মুখোমুখি হবেন এ দুই তারকা।







