অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ জয় করা বাংলাদেশের জন্য ‘অসম্ভব’ নয় বলে মন্তব্য করেছেন মুশফিকুর রহিম। অতীতের অন্য যে কোনো সময়ের তুলনায় এবার অজি দলকে ‘ধরাশায়ী’ করতে এ হোম সিরিজকে সেরা সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-২ এ হারার পর বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ২৮ সেপ্টেম্বর ঢাকায় নামবে অজিরা। সোমবারই ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের অস্ট্রেলিয়ান স্কোয়াড। সব শেষ অ্যাশেজ টেস্টের ৭ জনই আছেন মুশফিকদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে। প্রস্তুতিতে আছে টিম-বাংলাদেশও।
অজি দলের তালিকাটা মিলিয়ে দেখেছেন মুশফিকও। নিজেদের ফর্ম, কন্ডিশন আর অভিজ্ঞতায় টেস্ট অধিনায়ক এগিয়ে রাখছেন নিজের দলকেই।
সাফল্যের হিসাবে ২০১৫ বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা এক অর্জনের বছর। অজিদের সঙ্গে টেস্ট সিরিজ দিয়েই বছর শেষ করবে টাইগাররা। মাঠের ধারাবাহিকতায় সাফল্যের বেলুনটা শেষ বেলায়ও নিজেদের মুঠোয় রাখতে চান অধিনায়ক।
হোম সিরিজে ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম এবং ১৭ অক্টোবর থেকে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া।







