কোহলির ৫১ বলে হার না মানা ৮২ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে বিদায় করে
সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। অজিদের ছুড়ে দেওয়া ১৬০ রানের জবাবে ব্যাট
করতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী। ৬ উইকেটের জয় পায় তারা।
মোহালিতে টসে জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা দুর্দান্ত ছিলো অজিদের। মাত্র ৪ ওভারের মধ্যে কোন উইকেট না হারিয়ে তারা তুলে নেয় ৫৩ রান। বিপর্যয়ের শুরুটা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে।
উসমান খাজাকে ফিরিয়ে ভারতে প্রথম সাফল্য এনে দেন আশিস নেহরা। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর ২০ রানের মধ্যে ওয়ার্নার এবং স্মিথ ফিরে গেলে রানের চাকা কিছুটা আটকে যায় অস্ট্রেলিয়ার।
রবিচন্দ্রন অশ্বিনের বলে লাইন মিস করে এগিয়ে গেলে স্ট্যাম্পিংয়ের শিকার হন ডেভিড ওয়ার্নার। স্টিভ স্মিথ ফেরেন যুবরাজ সিংয়ের বলে উইকেটের পেছনে ধোনির হাতে ক্যাচ দিয়ে।
১৩তম ওভারে ৪৩ রানের ইনিংস খেলে ধাওয়ানের হাতে ক্যাচ দেন ওপেনার অ্যারন ফ্রিঞ্চ। হার্দিক পান্ডের শিকার হন তিনি।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৬০ রান। শেষ ওভারে হার্দিক পান্ডের এক ওভার থেকে আসে ১৫ রান।
ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন হার্দিক পান্ডে।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে ২৩ রানেই শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে বসে ভারত। ১৪ রান বাদে আরেক ওপেনার রোহিত শর্মাও ফিরে গেলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে দিনটি ছিলো কোহলির। অপর প্রান্তের আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগে রাখেন এ ডানহাতি।
শেষ পর্যন্ত ৫১ বলে ৮২ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।






