চেলসির বিপক্ষে জয়ের স্বাদটা যেন ভুলতেই বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ব্লুজদের বিপক্ষে টানা ১২ ম্যাচে জয় ছিল না রেড ডেভিলদের। অবশেষে আনলাকি ১৩’তে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা মিলেছে। সেটিও আবার চেলসির সাবেক কোচ হোসে মরিনহোর হাত ধরে। রোববার রাতে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে স্পেশাল ওয়ানের ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই স্বাগতিকদের আনন্দের উপলক্ষ এনে দেন মার্কাস রাসফোর্ড। ম্যাচের ৭ মিনিটে আন্দ্রে হের্রেরার পাসে বল পেয়ে চেলসির জাল খুঁজে নেন রাসফোর্ড। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে রাসফোর্ডকে পাস দেয়ার আগে হের্রেরার বল হাতে লেগেছিল।
পিছিয়ে পড়ে প্রথমার্ধে আর গোলের তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি অতিথিরা। চেলসি খেলোয়াড়দের যেন বোতলবন্দী করে রেখেছিলেন ম্যানইউর ডিফেন্ডাররা।
দ্বিতীয়ার্ধে ফিরে আবারো কপাল পোড়ে চেলসির। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোলের পাসদাতা হের্রেরা এবার নিজেই স্কোরার। অ্যাশলে ইয়ংয়ের পাসে বল পেয়ে নেওয়া হের্রেরার শট কার্ট জুমার গায়ে লেগে দিক বদলে চেলসির জালে জড়িয়ে যায়।
পরে ম্যাচের বাকি অংশেও চেলসিকে খুঁজে পাওয়া যায়নি। পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত খেলা দলটি মাঠে থাকল একেবারে অচেনার মত করে। শেষপর্যন্ত তাই ওই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়তে পারে ম্যানইউ।
চেলসির এই হারে জমে উঠেছে শীর্ষ স্থানের লড়াই। যদিও ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ব্লুজরাই। কিন্তু সমান ম্যাচ খেলা টটেনহ্যামের সাথে তাদের ব্যবধান মাত্র ৪ পয়েন্ট। লিগ শিরোপা জিততে হলে বাকি সব ম্যাচে জয় চাই অ্যান্টনে কন্তে শিষ্যদের। অন্যদিকে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানইউ উঠে এসেছে টেবিলের পাঁচে।
রাতের অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে ১-০ গোলে হারিয়ে ম্যানসিটিকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন রবের্তো ফিরমিনো।







