অল্প সময়ের ব্যবধানে উচ্চ মাত্রায় ক্যাফেইনযুক্ত কয়েকটি পানীয় পানের কারণে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
ওই কিশোরের মরদেহ পরীক্ষাকারী চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সে পুরোপুরি সুস্থ ছিল বলেও জানান তিনি।
করোনার গ্যারি ওয়াটস জানান, ডেভিস অ্যালেন ক্রাইপ নামের ওই কিশোর গত এপ্রিলে হাই স্কুলে থাকা অবস্থায় মাত্র দু’ঘণ্টার মধ্যেই একটি ম্যাকডোনাল্ড’স লাটে, বড় এক গ্লাস মাউন্টেন ডিউ কোমল পানীয় এবং এক বোতল এনার্জি ড্রিংক পান করে।
এর ফলে অতিরিক্ত ক্যাফেইনের প্রভাবে হঠাৎ হৃদস্পন্দনের গতি খুব বেশি বেড়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায় মাত্র ১৬ বছর বয়সী ওই কিশোর।
এর আগে ডেভিসের কোনো ধরণের হৃদরোগ ছিল না। তার ওজন ৯০ কেজির মতো হলেও তার দৈহিক গঠনের জন্য সেটিকে ক্ষতিকর স্থূলতা হিসেবে দেখা হয়নি বলেও জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ওয়াটস বলেন, অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণের কারণে ডেভিসের মৃত্যু হয়নি। তার মৃত্যুর জন্য দায়ী অল্প সময়ে অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণের কারণে।
আর সবশেষে এনার্জি ড্রিংক পানের ফলেই তার দেহে অ্যারিথমিয়া (অস্বাভাবিক গতি ও ছন্দে হৃদস্পন্দন) শুরু হয়।







