চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার উড্ডয়নের পরপরই বিরূপ আবহাওয়ার কারণে রাজশাহীর গোদাগাড়িতে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আরোহীরা সকলেই নিরাপদ আছেন। তারা সেখানে শিশুদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজধানীতে ফিরছিলেন।
হেলিকপ্টারটিতে ফরিদুর রেজা সাগর ছাড়াও ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।
তাদের সঙ্গে ছিলেন রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন চিশতী।
ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন চিশতীকে রাজশাহীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নভো এয়ারের একটি ফ্লাইটে কিছুক্ষণের মধ্যে তাদের ঢাকায় পৌঁছার কথা।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিল্পী ফেরদৌস আরা এবং স্বর্ণকিশোরী নেটওয়ার্কের প্রধান ফারজানা ব্রাউনিয়া স্থানীয় আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণকিশোরী নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
অনুষ্ঠান শেষে তাদের নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়।









