ডোপ-কেলেঙ্কারিতে আগামী বছরের শীতকালীন অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে ২০১৪ শীতকালীন অলিম্পিকে অংশ নেয়া ২২ অ্যাথলেটকে, কেড়ে নেয়া হয়েছে তাদের পদকও। তবে নিজেদের নির্দোষই দাবি করেছেন সেই অ্যাথলেটরা। হারানো সম্মান আর পদক ফিরে পেতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) ক্রীড়া আদালতে নিচ্ছেন তারা।
কেবল মাত্র ২০১৮ শীতকালীন অলিম্পিকই নয়, ভবিষ্যতে আইওসি আয়োজিত সব রকমের প্রতিযোগিতা থেকেই নিষিদ্ধ করা হয়েছে সেই ২২ অ্যাথলেটকে। যাদের মধ্যে ১০ জন খেলোয়াড় আছেন, যারা ২০১৪ সোচি অলিম্পিকে পদক জিতেছেন। পদকের সংখ্যাটা ১১।
অ্যাথলেটরা জানাচ্ছেন নিজেদের নির্দোষ প্রমাণিত করতে এবং পদক ফিরে পেতে খেলাধুলার আন্তর্জাতিক আদালত ‘কোর্ট অফ অরবিট্রেশন ফর স্পোর্টস’য়ে আপিল করবেন তারা। মামলা করবেন আইওসির বিরুদ্ধে।
মঙ্গলবার ২০১৮ সাউথ কোরিয়া শীতকালীন অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার ঘোষণা আসে। সরকারের পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের অভিযোগে দেশটিকে নিষিদ্ধ করে আইওসি। সংস্থাটির চোখে যা বিরামহীন কুকর্মের যোগ্য শাস্তি।
সঙ্গে দেশটির উপ-প্রধানমন্ত্রী ভিতালী মুটকো এবং ক্রীড়া-প্রতিমন্ত্রী ইউরি নাগোরিংখকেও অলিম্পিকের সবরকম আসর থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংস্থাটি।








