দীর্ঘ ১৮ বছরের সংসারজীবনের ইতি টেনে ২০১৬ সালে সবাইকে চমকে দিয়ে বিবাহ বিচ্ছেদ করেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি মালাইকা অরোরা ও আরবাজ খান। দুজনের সম্মতিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বর্তমানে তারা দুজনই তাদের আলাদা জীবন নিয়ে বেশ সাচ্ছন্দে দিন পার করছেন।
বিচ্ছেদের পর যেমন আরবাজ খান খুঁজে পেয়েছেন তার ভালোবাসার মানুষ জর্জিয়া আন্দ্রিয়ানিকে, ঠিক তেমনিই অন্যদিকে মালাইকাও মজেছেন অর্জুন কাপুরের প্রেমে।
কিন্তু এরমধ্যে শোনা যাচ্ছে, অর্জুন কাপুরকে শিগগির বিয়ে করতে চলেছেন মালাইকা। ভারতীয় সংবাদ মাধ্যমেও এমন গুঞ্জন।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন কাপুরকে বিয়ে করার বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেন মালাইকা। তিনি জানান, কেন সবাই তার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে। এটি যখন হওয়ার, তখনই হবে এবং সবাই সেটি জানবে!
অপরদিকে বিবাহ বিচ্ছেদের পরও যে মালাইকা ও আরবাজের ভেতর সুসম্পর্ক বজায় রয়েছে এমনটা নিশ্চিত করে মালাইকা জানান যে, কোনো সম্পর্ক একদিনে তৈরী হয় না। সম্পর্ক তৈরী হতে অনেক সময় লাগে। আরবাজের সাথে আমার পরিবারের সম্পর্ক এখন বজায় রয়েছে। এমনকি আরবাজকে আমার পরিবার এখন পর্যন্ত তাদের ছেলের মতো করেই ভালবাসে।







