‘ওয়ান’ প্রসেনজিতের নতুন ছবি। ৩ মার্চ ছবিটির ট্রেলর এসেছে ইউটিউবে। ট্রেলরেই চমক! আর তা দেখে ৯ মার্চ টুইট করেছেন বলিউড তারকা আমির খান। ছবির ট্রেলর টুইট করে তিনি লিখেছেন, ‘অসাধারণ ট্রেলর প্রসেনজিৎ। টিমের সবাইকে শুভেচ্ছা।’
আমির খান সাধারণত ঘনিষ্ঠদের ছাড়া খুব একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন না। ফলে প্রসেনজিতের ট্রেলর দেখে নিজে থেকে শুভেচ্ছা জানানোর ঘটনায় খুশি হয়েছেন সবাই। প্রসেনজিৎও পাল্টা টুইটে লিখেছেন, ‘ধন্যবাদ। তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। যে সব সময় চ্যালেঞ্জ নিতে উত্সাহ দেয়।’
এর আগে ট্রেলর দেখে টুইট করেন অমিতাভ বচ্চন! টুইটারে ট্রেলরের লিংক দিয়ে লিখেছেন, ‘বাংলার তারকা প্রসেনজিৎ এবং বন্ধু…।’

কী আছে ‘ওয়ান’ ছবিতে? ‘গ্যাংস্টার’ ছবির দারুণ সাফল্যের পর পরিচালক বিরসা দাশগুপ্ত তৈরি করেছেন ‘ওয়ান’। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, র্যাচেল হোয়াইট। এই ছবিতে খলনায়ক প্রসেনজিৎ। আর এখানেই নাকি ছবির আসল চমক!
ছবির ট্রেলর ইউটিউবে দেওয়া পর শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রসেনজিৎ আর বিরসা। পরিচালক জানালেন, এবার পহেলা বৈশাখে মুক্তি পাবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া।








