চট্টগ্রাম থেকে: নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত। টি-টুয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় তিন তরুণ। শান্তর টেস্ট-ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও নাঈম ও আমিনুল বাংলাদেশ দলে নতুনমুখ।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে দুইজনকে। প্রথম দুই ম্যাচ খেলে দল থেকে বাদ পড়া সৌম্য সরকারের জায়গায় দলে এসেছেন নাঈম। এ বাঁহাতি ওপেনারকে দেখা যেতে পারে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে।
আর ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিনের ভূমিকায় অভিষেকের সম্ভাবনা আছেন আমিনুলের। মঙ্গলবার দুই নবীনকে নেটে লম্বা সময় ধরে বাজিয়ে দেখেছেন কোচেরা।
পেস শক্তি বাড়াতে দলে ফেরানো হয়েছে শফিউল ইসলাম ও রুবেল হোসেনকে। তাদের মধ্যে একজনের একাদশে থাকার আভাস মিলেছে টিম ম্যানেজমেন্ট থেকে।
তরুণদের নিয়ে একাদশ সাজিয়ে ম্যাচে নামার আগে কিছুটা দুশ্চিন্তা মোসাদ্দেক হোসেন সৈকতকে ঘিরে। ফিল্ডিং অনুশীলনের সময় এ অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। যদিও তা গুরুত্বর নয়!








