ওয়ানডে অভিষেকেই চমক দেখিয়েছেন আবু হায়দার রনি। এই পেসার নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন। পরে দলকে দ্বিতীয় সাফল্য এনে দিয়ে নতুন বলে মাশরাফীর আস্থার প্রতিদান দিয়েছেন।
আবু ধাবিতে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। যার দুজনেরই অভিষেক।
তামিম ইকবাল চোট নিয়ে দেশে ফিরে আসায় তার বিকল্প হিসেবে আরেক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর একাদশে অন্তর্ভুক্তি নিশ্চিতই ছিল। পাঁজরের ব্যথার কারণে বিশ্রামে মুশফিকুর রহিম। তাতে ওয়ানডে একাদশে প্রত্যাবর্তন হয় মুমিনুল হকের। মোস্তাফিজকে বিশ্রামে রেখে অভিষেক করানো হয়েছে আবু হায়দার রনিকে।
২০১৫ বিশ্বকাপে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মুমিনুল। আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে ১৮২ রানের ইনিংস খেলার পর নজরে আসেন এ বাঁহাতি ব্যাটসম্যান। শুরুতে স্কোয়াডে না থাকলেও দলে চোট সমস্যা থাকায় যোগ হন। মুশফিকের বিশ্রাম সুযোগ করে দিল একাদশেও।
বাঁহাতি পেসার আবু হায়দার রনি ১০টি টি-টুয়েন্টি ম্যাচ খেললেও ওয়ানডেতে খেলছেন এই প্রথম। নাজমুল হোসেন শান্ত টাইগার জার্সিতে আরেক অভিষিক্ত।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ৩২ বছরের পথচলায় খেলেছেন ১২৫ ক্রিকেটার। ২০১৭ সালের অক্টোবরে সাউথ আফ্রিকা সফরে সবশেষ অভিষিক্ত হয়েছিলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। এবার অভিষেক হল আরও দুই তরুণের।
সুপার ফোরের সূচি আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। বাংলাদেশের কাছে একদমই অচেনা ভেন্যু আবু ধাবিতে গ্রুপপর্বের শেষ ম্যাচটি সুপার ফোরের লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ। দুটি দলই শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করেছেন সুপার ফোর।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, আবু হায়দার রনি ও রুবেল হোসেন।








