আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক বিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে যারা মারা যাচ্ছেন তারা কেউই নির্দোষ বা নিরীহ নয়। তারা প্রত্যেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দেশ ও জাতির শত্রু।
রোববার জেলা সার্কিট হাউজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ডিসি, এস পি, জনপ্রতিনিধি, চট্টগ্রাম বিভাগের ডিআইজি এবং সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সেতুমন্ত্রী বলেন, ঈদের দশ দিন আগে থেকে ঈদের পাঁচ দিন পরে পর্যন্ত মহাসড়কে ভারী যানবাহনের চলাচল ও খোঁড়াখুঁড়ি বন্ধ থাকবে।
তিনি বলেন, মহাসড়কের উল্টো পথে কেউ যেমন গাড়ি চালাতে পারবে না তেমনি ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল করতে পারবে না।
মন্ত্রী আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার ফতেহপুর ওভারপাসের নির্মাণ কাজ ঈদের আগেই শেষ হবে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি বড় ব্রিজের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।







