মেক্সিকোর বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে জার্মানি। হারে নিজ দেশে কড়া সমালোচনার মুখে পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সমালোচকরা যখন ধুয়ে দিচ্ছেন জার্মানদের, একজন হাঁটছেন না সেপথে। ২০১৪ সালে জার্মানদের বিশ্বজয় করা অধিনায়ক ফিলিপ লাম বলছেন, অভিজ্ঞতা দিয়েই জয়ের পথে ফিরবে তার দেশ।
২০১০ ও ২০১৪ বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন লাম। ওই দুই আসরেই দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছিল লামের দল। ২০১০ বিশ্বকাপে সার্বিয়ার কাছে ১-০ গোলে হার ও ঘানার কাছে ২-২ গোলে ড্র করেছিল জার্মানরা।
সেই ধাক্কা কাঁটিয়ে ২০১০ বিশ্বকাপে তৃতীয় ও পরের আসরে তো শিরোপাই জিতে নেয় জার্মানি। ওই অভিজ্ঞতার আলোকেই কথা বলছেন লাম। ইএসপিএনকে জানিয়েছেন, সমালোচনাই ভিতরের ভয়ঙ্কর রূপ বের করে আনবে তার দেশের।
‘আমরা আগেও এটা দেখেছি। কখনো কখনো নেতিবাচক ফলই ইতিবাচক খেলার কারণ হয়ে দাঁড়ায়। যারা অভিজ্ঞ খেলোয়াড় তারা হয়ত একটু চাপে আছে; ব্যাপারটা এমন যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। মেক্সিকোর কাছে হারায় দল আরও সংঘবদ্ধ হবে। ভেতরের সেরাটা বের হয়ে আসবে।’
লাম ভরসা রাখছেন কোচ জোয়াকিম লোয়ের উপরও। ছয়টি বৈশ্বিক আসরে জার্মানিকে কোচিং করানো কোচ দলকে ঠিকই কক্ষপথে ফেরাবেন বলে বিশ্বাস তার।
‘লো তার দলের কথা শুনবেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন। তারপর তার চিন্তা দিয়ে দল ঠিক করবেন। আমি আশা করি জার্মানি তাদের বাকি দুই ম্যাচে(সুইডেন ও সাউথ কোরিয়া) জিতবে। কারণ তারা বিশ্বকাপের অন্যতম দাবীদার।’








