বিজ্ঞানমনস্ক লেখক, প্রবাসী প্রকৌশলী ডক্টর অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ২ জনের নাম-পরিচয় জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের গ্রেফতারে শুরু হয়েছে চিরুনি অভিযান।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ওই দুজনকে গ্রেফতার করা গেলে রহস্য অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
অমর একুশের বই মেলা থেকে হেঁটে বাসায় ফেরার পথে টিএসসি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। সেসময় মারাত্মক আহত হন তার স্ত্রী বন্যা। তদন্তে নামে পুলিশ ডিবি, র্যাব ও সিআইডি। সহায়তার হাত বাড়ায় এফবিআই।
সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করা হয় ৭ জনকে। প্রমাণ পাওয়া যায় এরাই ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিজিৎকে কুপিয়ে হত্যা করে। ওই ৭ জনের মধ্যে দু’জনের নাম-পরিচয় এখন ডিবির হাতে।
দু’জনেরই ঠিকানা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মোঃ মনিরুল ইসলাম। ৭ জনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে নিশ্চিত করেন তিনি।
তারা যেন দেশে থেকে পালাতে না পারে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে বিমানবন্দর এবং স্থলবন্দরকে। সনাক্ত ৭ জন দেশেই আছে বলে জানান ডিএমপির মুখপাত্র। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই মামলায় আগে গ্রেফতার উগ্রবাদী ব্লগার ফারাবী জানিয়েছে, হত্যাকাণ্ডে ছিলো না, তবে সুযোগ পেলে সে নিজেই অভিজিৎকে হত্যা করতো।







