টানা তিনদিন বৃষ্টির কারণে শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানের রাস্তা তলিয়ে গেছে। অবিরাম বৃষ্টির কারণে ডুবে যাওয়া ঢাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিশুরাসহ চাকুরিজীবীরা।
রাজধানীর গ্রিনরোড, ধানমণ্ডি, মিরপুর, গ্রিনরোড, তেজকুনি পাড়া, খিলগাঁও, নয়াপল্টন, কাকরাইল, মৌচাক, সিদেশ্বরী, শুক্রাবাদ, মগবাজার, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন জায়গায় রাস্তা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।
ঢাকার বৃষ্টিতে বাড়তি ভোগান্তি সৃষ্টি করে সড়কের যানবাহন। বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার কারণে বাস, লেগুনাসহ সব যানবাহন রাস্তায় নেই বললেই চলে। বৃষ্টিতে ভিজে অনেকে নিজের গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিতে দেখা গেছে। অনেকে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে যানবাহনের সন্ধান পেয়েছেন।
বেশ কিছু স্কুল-কলেজ বৃষ্টির কারণে বন্ধ থাকলেও অফিসের উদ্দেশে চাকুরিজীবীদের বের হতে হচ্ছে চরম ভোগান্তির মধ্যেই। তবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম।
চাকুরিজীবী তুহিন বলেন: জিগাতলার নতুন রাস্তা থেকে জিগাতলা বাসস্ট্যান্ড পর্যন্ত কোমর সমান পানি থাকার কারণে যানবাহন একেবারেই নেই । রিকশা যা আছে তাও অধিক ভাড়ায় আসছে। ২০ টাকার ভাড়া এখন দিতে হচ্ছে ৬০ টাকা।
মগবাজার থেকে সকালে অফিসের উদ্দেশে বের হওয়া বন্যা বলেন, বাসার সামনে হাঁটু সমান পানি। অনেকক্ষণ দাঁড়িয়েও কোনো রিকশা না পেয়ে নোংরা পানিতে হেঁটেই অফিসের জন্য রওনা হয়েছি। তবে কতক্ষন নাগাদ তিনি অফিসে পৌঁছাবেন জানা নেই তার।







