সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিলেন মুনাফ প্যাটেল। শনিবার ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ঘোষণা করেন ভারতীয় এই পেসার। প্যাটেল সবশেষ ভারতের জার্সিতে খেলেছেন ২০১১ সালের ৬ জুলাই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে।
অবসরের কথা ঘোষণা করে মুনাফ জানিয়েছেন খেলা চালিয়ে যাওয়ার মতো প্রেরণা আর বাকি নেই কিছু তার কাছে এবং সে কারণে নিজেকে ফিটও রাখতে পারছেন না। ৩৫ বছরের প্যাটেল ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তিনি জানিয়েছেন, তার ক্রিকেট ক্যারিয়ারে সেটাই সেরা প্রাপ্তি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্যাটেল বলেন, ‘কোনো বিশেষ কারণ নেই। বয়স হচ্ছে, ফিটনেসও আগের মতো নেই। নতুন প্রজন্ম সুযোগের জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় বিষয় হল কোনো প্রেরণা নেই।’
মুনাফ এর সঙ্গে জুড়ে দেন, ‘আমি ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলাম। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না ।’
তার ইচ্ছে কোচিংয়ে থেকে ক্রিকেটকে সঙ্গে নিয়ে জীবন বাঁচিয়ে রাখা ডান হাতি এই মিডিয়াম পেসার আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। শেষ খেলেছেন গুজরাট লায়ন্সের হয়ে।
অবসরের আগে পর্যন্ত তিনি খেলেছেন ১৩টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ।দেশের জার্সিতে মুনাফের সেরা বোলিং ২০০৬ সালের মার্চে মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৫ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি।







