টানা পাঁচ ম্যাচ ফ্রান্সের কাছে হারার পর জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। উয়েফা নেশন্স লিগে নিজেদের মাঠে শুক্রবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-১-এর দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে নেদারল্যান্ডস। প্রথম লেগে ফ্রান্সের মাঠে ২-১ গোলে হেরেছিল দলটি।
হারের পরও ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। ডাচদের এই জয়ে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা জার্মানির ‘বি’ লিগে অবনমন হয়েছে।
নেদারল্যান্ডস এদিন এগিয়ে যায় বিরতিতে যাওয়ার ঠিক আগে। জেওরজিনিও উইজনালডাম খুব কাছ থেকে বল জালে পাঠান। আন্তর্জাতিক ম্যাচে এটি তার দশম গোল। শেষদিকে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডিপাই।
দিনের অন্য ম্যাচে ওয়েলসকে ১-২ গোলে হারিয়েছে ডেনমার্ক।








