ইউরোপিয়ান মৌসুম শেষ হতেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ছুটেছেন বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর দলে সুযোগ পাওয়া ফুটবলাররা। ব্যতিক্রম কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক এখন ছুটিতে আছেন ব্রাসেলসে। ঘাম ঝরাচ্ছেন কাঁদা মাটির টেনিস কোর্টে!
মে মাসের মাঝামাঝি শেষ হয়ে গেছে ইউরোপের ফুটবল মৌসুম। কিন্তু এরপরও রোনালদোর অব্যাহতি মেলেনি। ২৬ মে কিয়েভে রিয়াল মাদ্রিদকে ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর তবেই শেষ হয় সিআর সেভেনের ২০১৭/১৮ ক্লাব মৌসুম।
লম্বা এক মৌসুম পার করার পর অধিনায়কের একটা ছুটি প্রাপ্য বলেই মনে করেন পর্তুগাল ফুটবল দলের কোচ ফার্নান্দো সান্তোস। তাই রোনালদোকে রাখেননি ৩ জুন বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও।
‘ক্রিস্টিয়ানো ছুটিতে। তাকে বিরক্ত করতে চাচ্ছি না। লম্বা সময় ধরে খেলার পর সে ক্লান্ত। আশা করি দারুণ এক ছুটি কাটিয়ে সে ভালোভাবেই ফিরবে।’
তো ছুটি কীভাবে কাটাচ্ছেন রোনালদো? তারই এক নমুনা দিয়েছেন ইন্সটাগ্রামে। বন্ধু পাল মিগুয়েলের সঙ্গে র্যাকেট হাতে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘বিজয়ীরা’!
৭ জুন আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। ১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদোদের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘বি’তে ইউরো চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ ইরান ও মরক্কো।







