বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ভারতের ওয়ানডে স্কোয়াড। সোমবার ভারতীয় দল বিশ্রামে কাটালেও মিরপুরে অনুশীলন করেছে স্বাগতিক বাংলাদেশ ওয়ানডে দল।
ফতুল্লা টেস্টের ৫ দিনই বৃষ্টি দেখেছে টিম-ইন্ডিয়া। টেস্টের অধ্যায় শেষ করে এবার ওয়ানডের মিশন। সোমবার বিকেলে ঢাকায় পা রাখা ভারতের ওয়ানডে স্পেশালিস্টদেরও স্বাগত জানালো আষাঢ়ের বৃষ্টি।
ক্যাপ্টেন এমএস ধোনি, সুরেশ রায়না, রাবীন্দ্র জাদেজা, আমবাতি রাইডুসহ ৩ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসেছেন ভারতের ওয়ানডে স্পেশালিস্টরা।
ভারতের বাকি সদস্যরা হোটেলেই কাটিয়েছে দিন। মাঠে যাননি কেউ তবে শপিংয়ে বেরিয়েছিলেন ফতুল্লা টেস্টের সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান।
ধোনিরা যখন ঢাকায় নেমেছেন মিরপুরে তখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। হাতের ইনজ্যুরি কাটিয়ে ব্যাটিংয়ে মনোযোগ মুশফিকুর রহিমের। দলে জায়গা পাওয়া কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস জানিয়েছেন নিজেকে প্রমাণের অপেক্ষায় তিনি।
সুযোগ পেলে ভালো করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, দলে যদি তাকে ব্যাটস ম্যান হিসাবে নেওয়া হয় তাহলে ব্যাটিংয়ে ভালো করার চেষ্টা থাকবে। পাশাপাশি ফিল্ডিং-কিপিং যেখানেই সুযোগ পাবেন নিজের সামর্থের সেরাটাই দেবেন, টাইগার এ নতুন তুর্কি।
ভারতের বিপক্ষে ১৮, ২১ এবং ২৪ জুন তিনটি ‘ডে-নাইট’ ওয়ানডে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।







