সমাজের সকলস্তরে অন্যায়, ঘুষ, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইলের ভূঞাপুরের ‘সোনার বাংলা’ নামের অন্যায় প্রতিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কে ওই সকল অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিও পালন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা পহেলা অক্টোবরের মধ্যে ভূঞাপুর উপজেলাকে অন্যায়, ঘুষ, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সমাজের শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক লোকমান ফকির মহিলা কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, সাবেক কমান্ডার নুরুল আমিন নান্নু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান মিঞা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক শফি উদ্দিন তালুকদার, আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদরাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম আব্দুর রহমান, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান চকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার, সাংবাদিক সোহেল পারভেজ, আব্দুর রাজ্জাক, সোহেল তালুকদার, অভিজিৎ ঘোষ, আতিকুর রহমান ও ইব্রাহীম ভূঞা প্রমুখ।
গোলাম রব্বানী রতন বলেন, পহেলা সেপ্টেম্বর ঘুষ, দুর্নীতি, মাদক, বিদ্যুৎ, হাসপাতাল ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রশাসনের সকল দপ্তরে স্বারকলিপি প্রদান, পহেলা অক্টোবর উপজেলাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করা। এরপরও যদি কোন ভূঞাপুর উপজেলার সকলস্তরে অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয় তাহলে আইনের মধ্যে থেকে উপজেলার সকল জনসাধারণকে নিয়ে জনমত গড়ে তোলা হবে।







