পাঠ্য বই থেকে বাদ পড়া গল্প-কবিতার সংকলন নিয়ে প্রকাশিত বই ‘যা আমাদের পড়তে দেয়নি’ পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে। মুক্তমনা ব্লগের ওয়েবসাইট এবং গুগল ড্রাইভের মাধ্যমে আগ্রহীরা বইটি ই-ভার্সন ডাউনলোড করতে পারেন।
এছাড়া বইটি আগামী ১৫ মার্চ পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে পল্টনের তোপখানা রোডের উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে। বইটি বিনামূল্যে পেতে সেখানে বিকাল ৫ টা থেকে রাত ৯টার মধ্যে যেতে হবে।
বইটির প্রকাশক গণজাগরণ মঞ্চের কর্মী সমুদ্র সৈকত চ্যানেলআই অনলাইনকে বলেন, যারা ঘরে বসে বইটি পেতে চান তাদের জন্য পিডিএফ ফরমেট তৈরি করা হয়েছে। মুক্তমনা ব্লগের ওয়েবসাইট এবং গুগল ড্রাইভের মাধ্যমে আগ্রহীরা বইটি ই-ভার্সন ডাউনলোড করতে পারেন। বইটি পড়ে যদি একজন মানুষও কিছুটা চিন্তাশীল এবং মেধা ও মনন দিয়ে বৈচিত্রতার সৌন্দর্য্যকে অনুভব করে সেটাই হবে আমাদের সার্থকতা। যে কেউ চাইলে নিচের যেকোনো লিংক থেকে এই বই ডাউনলোড করতে পারবেন।
মুক্তমনা ব্লগে বইটি পেতে ক্লিক করুন
গুগল ড্রাইভে বইটি পেতে ক্লিক করুন
চলতি বছর ছেলেমেয়েদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর পর ব্যাপক আলোচনা শুরু হয়। প্রথম থেকে দশম শ্রেণিতে অনেক বছর ধরে পড়ানো হয়েছে এমন বেশ কিছু আধেয় পাল্টে দেয়া হয়।
অভিযোগ উঠে, হেফাজতে ইসলামের দাবি মেনেই বইয়ে পরিবর্তন আনা হয়েছে। বিষয়টি কেবল আলোচনা-সমালোচনাতেই থেমে থাকেনি, এ নিয়ে রিটও হয়েছে উচ্চ আদালতে। প্রখ্যাত লেখকদের লেখা বাদ দেয়াকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিষয়টি নিয়ে দেশের নানা জায়গায় প্রতিবাদ জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।








