২০১৫’র অ্যাকশন রিপ্লে যেন। শেষ চার থেকেই বিদায়। নিউজিল্যান্ড বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। ফাইনালের স্বপ্ন দেখালেও সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে টিম ইন্ডিয়া।
লো-স্কোরিং ম্যাচে নিজের বোলারদের যেভাবে ব্যবহার করেছেন কেন উইলিয়ামসন, তাতে পুরো বিশ্বের প্রশংসা পাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক। কিউই অধিনায়ককে প্রশংসা করার তালিকা আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। ভারতীয় মহাতারকা বলছেন, অধিনায়কত্বের ক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে একধাপ এগিয়ে থাকেন উইলিয়ামসন।
৪০ বছরের শচীন এখন স্টার স্পোর্টসের টেলিভিশন বিশ্লেষক হিসেবে কাজ করছেন। বুধবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষে এক সাক্ষাতকারে ইন্ডিয়া টুডেকে শচীন বলেন, ‘আমি বেশ কয়েকটি সাক্ষাতকারে বলেছি, কেন উইলিয়ামসন অধিনায়ক হিসাবে স্মার্ট, মস্তিষ্ক দিয়ে চিন্তাভাবনা করে এবং সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। তিনি সবসময় প্রতিপক্ষের চেয়ে একধাপ এগিয়ে থাকেন। আমি তার জন্য হাই-মার্কই রাখব।’
ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছে নিউজিল্যান্ড। সেটা উল্লেখ করে শচীনের সংযোজন, ‘নিউজিল্যান্ড এতো ভালো ফিল্ডিং করেছে যে, ভারতের জন্য টার্গেটটা তাতে আরও বড় হয়ে যায়। তাদের ফাস্ট বোলারদের সামঞ্জস্যতা দেখতে অসাধারণ ছিল।’
উইলিয়ামসনের ৬৭ ও রস টেলরের ৭৪ রানে ভর করে ২৩৯ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ২২১ রানেই শেষ হয় ভারতের ইনিংস। ১৮ রানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখে কিউইরা।








