বাবা পেশায় অটোচালক। সেই অটোচালক বাবার সন্তানের হাত ধরেই এল বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণ। ওপেন সাইট এয়ার রাইফেলে ২৪৭ স্কোর গড়ে এ কৃতিত্ব গড়েন পাবনার শুটার মেহেদি হাসান লিমন।
রোববার শুটিং কমপ্লেক্সে ২৩৯ স্কোর গড়ে রুপা জিতেছেন ঢাকার শুটার ফজলে রাব্বি। ২৩৫ স্কোরে ব্রোঞ্জ গেছে নেত্রকোনার ফারদিন অর্ণবের ঘরে।
স্বর্ণ জেতার পর কোচ ওসমান গনিকেই সমস্ত কৃতিত্ব দিলেন লিমন। মাত্র ১২ বছর বয়সে শুটিং শুরু করা এখন ১৬ বছরের লিমন খেলতে চান জাতীয় পর্যায়ে, ‘কোচ ওসমান গণি আমার মামার বন্ধু। ওনার বাড়ি আমাদের বাড়ির ঠিক পাশেই। ছোট বেলায় তাদের দেখেই মূলত শুটিংয়ে আসার আগ্রহ জাগে।’
মেয়েদের ওপেন সাইট এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন পিরোজপুরের জিন্নাত কবির সূচনা। তার স্কোর ২৩৫। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৮১ স্কোরে সোনা জিতেছেন সাকিবুল আলম। আর মেয়েদের ইভেন্টে ২৯৪ স্কোরে সোনা গেছে ফারবিন চৌধুরী রিথিকার ঘরে।







