যার রিপোর্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গিয়েছিলো সেই নিরাপত্তা কর্মকর্তা আবারো ঢাকা সফরে এসেছেন। এবার উপলক্ষ যুব বিশ্বকাপ। তবে বিষয়টিকে আর গুরুত্ব দিচ্ছে না ক্রিকেট বোর্ড। তারা বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই ঢাকায় এসেছেন অস্ট্রেলীয় বোর্ডের নিরাপত্তা প্রধান।
সেপ্টেম্বরে এই শন ক্যারলের রিপোর্টেই তখন বাংলাদেশে না আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন মাসের মাথায় আবারও ঢাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান।
২৭ জানুয়ারি থেকে বাংলাদেশেই বসছে যুব বিশ্বকাপ ক্রিকেট। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ৮ ভেন্যুতে লড়াই করবে ১৬ দেশের যুবারা। মূলত ওই টুর্নামেন্টের আগেই নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে ঢাকায় এসেছেন ক্যারল।
যুবকদের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৮টি। সবচে বেশি ১৭টি ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১০টি ফতুল্লায়, ৯টি মিরপুরে, চট্টগ্রামে ৭টি এবং সিলেটে হবে ৫টি ম্যাচ।
এ গ্রুপে বাংলাদেশের যুব দল খেলবে সাউথ আফ্রিকা,স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিপক্ষে। দলগুলো আসা শুরু করবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। আর ২২ জানুয়ারি শুরু হয়ে যাবে ওয়ার্মআপ ম্যাচ।






