মহামারি করোনায় স্থবির গোটা বিশ্ব। বাংলাদেশেও থমথমে অবস্থা। বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা বিস্তার রোধে ব্যক্তিগত পর্যায়ে সোচ্চার তারকারাও। এবার কর্মীদের অগ্রিম বেতন দিয়ে নিজের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেন চিত্রনায়িকা নিপুণ।
অভিনয়ের পাশাপাশি ২০১৬ সালে রাজধানীতে ব্যবসা শুরু করেছিলেন নিপুণ। নারীদের সৌন্দর্যচর্চার সেই প্রতিষ্ঠানের নাম ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। যেখানে কাজ করেন অন্তত কুড়ি থেকে পঁচিশজন। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে কর্মীদের চলতি মাসের অগ্রিম বেতন দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেন ‘অজ্ঞাতনামা’র এই অভিনেত্রী।
রবিবার রাতে একটি ভিডিও বার্তায় নিপুণ জানান, আপনারা জানেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি।
শুধু নিজ কর্মীদের নয়, সাধ্যের মধ্যে আশেপাশের কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছেন বলে জানান নিপুণ।
ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন তারকা অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও শিল্পীরা ব্যক্তিগত উদ্যোগে অর্থ সাহায্য দিচ্ছেন। ব্যক্তিগত পর্যায় থেকে বাংলাদেশে এমন উদ্যোগের কথা কম শোনা গেলেও রবিবার চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল শিল্পী, কলাকুশলীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এছাড়াও ছোট ও বড় পর্দার অনেক তারকা মুখ ই এগিয়ে আসতে শুরু করেছেন।







