ফরাসি ক্লাব মোনাকোর কোচের দায়িত্ব নিয়েছিলেন সাড়ে তিন মাস আগে। এই অল্প পথ পাড়ি দিয়েই চাকরিটা হারালেন থিয়েরি অঁরি।
বাজে পারফরম্যান্সের কারণে লিওনার্দো জার্দিমকে ছাঁটাই করার পর অঁরির কাঁধে এসেছিল দায়িত্ব, মোনাকো কর্তৃপক্ষ বিশ্বকাপজয়ী তারকার উপরও আস্থা রাখতে পারল না।
দলে টানা ব্যর্থতা চলছিল ২০১৬-১৭ লিগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকোর। পয়েন্ট টেবিলে অবনমন অব্যাহত ছিল। ২১ ম্যাচে তিন জয় ও ছয় ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থাকাটা সাবেক চ্যাম্পিয়নরা মেনে নিতে পারছিল না। কোপটা অঁরির কাধে আগে পড়ল, কোচিং স্টাফে আরও পরিবর্তনের আভাস দিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ।
অঁরির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ মাত্র ৫টি জয় ছিল মোনাকোর। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বেই আটকে যেতে হয়েছে। ফরাসি কাপের দৌড় শেষ হয়েছে সেরা বত্রিশেই। সবমিলিয়ে মোনাকোর অন্দরমহলে বইছিল অস্তিরতার ঢেউ। ৪১ বছর বয়সী অঁরিকে চাকরিচ্যুত করে এখন পথে ফেরার চেষ্টা। নতুন দায়িত্ব কার হাতে উঠছে সেটা অবশ্য জানানো হয়নি।








