‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২২’ আর্চারির রিকার্ভে মেয়েদের এককে তৃতীয় দিনেও দ্যুতি ছড়িয়েছেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। কোয়ার্টার ও সেমিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশের সোনা ও রুপা জয় নিশ্চিত করে ফাইনালে পা রেখেছেন দুজনে।
আগেরদিন নামের প্রতি সুবিচার করতে না পারলেও বৃহস্পতিবার রাঙিয়েছেন দিয়া। কোয়ার্টারে ভারতের রিধিকে ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রাখেন। পরে ভারতেরই তিসা পুনিয়াকে ৭-৩ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেন ফাইনাল।
বুধবার বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে থেকে ৭২০ পয়েন্ট তুলে দ্বিতীয় হয়েছিলেন নাসরিন আক্তার। ফাইনালে উঠতে এদিন যদিও বেগ পেতে হয়েছে তাকে।
কোয়ার্টারে ভারতের লক্ষ্মী হেমব্রমের বিপক্ষে ৫-৫ সেটে সমতায় ছিল তার লড়াই। শুট অফে গড়ায় খেলা। সেখানে জিতে সেমিতে পা রাখেন নাসরিন। সেমিতেও শুট অফে ভাগ্য মেলে। মালয় আর্চার ফৌজি নুরকে পরাস্ত করে ফাইনালের টিকেট কাটেন লাল-সবুজ তারকা।
এককের এই ইভেন্টে ফাইনালে মুখোমুখি হবেন দিয়া ও নাসরিন। তাতে বাংলাদেশের সোনা ও রুপা দুই-ই জয় নিশ্চিত।
থাইল্যান্ডে উজ্জ্বল দিনে রিকার্ভে মেয়েদের দলীয় ইভেন্টে কাজাখস্তানের বিপক্ষে জয় তুলেছেন দিয়া, নাসরিন ও সুলতানা নিশা। ফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখদের ৫-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবেন লাল-সবুজ এয়ী।
অন্যদিকে, দিয়া-নাসরিনের দিনে হতাশ করেছেন তারকা আর্চার রোমান সানা। রিকার্ভে ছেলেদের এককে শেষ ষোলোর লড়াইয়ে ইরানের রেজা শাবানির বিপক্ষে ৭-৩ ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে গেছেন তিনি।
রোমান শেষ ষোলোয় টপকাতে না পারলেও শেষ আট পর্যন্ত গিয়েছিলেন বাংলাদেশের আরেক আর্চার হাকিম আহমেদ রুবেল। শেষ আটে কাজাখস্তান তারকা দৌলেতকেলদির বিপক্ষে ৬-০ বড় ব্যবধানে হেরে সোনা-রুপার লড়াই থেকে বাদ পড়েন তিনি।
এখনো ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে রুবেলের। যেখানে কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের বিপক্ষে লড়তে হবে তাকে।








