বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ক্রমাগত ভয়ঙ্কর কঠিন হয়ে উঠছে। আর এই কঠিন সময়ে সাধারণ মানুষকে নানা ভাবে সচেতন করছেন তারকা নির্মাতা, অভিনেতা ও শিল্পীরা। এবার করোনা নিয়ে ভক্ত অনুরাগীদের প্রতি সচেতন হতে বিশেষ ভিডিও বার্তা দিলেন বলিউড অভিনেতা শাহরুখ।
নিজের টুইটার থেকে প্রকাশ করা ভিডিওটিতে শাহরুখ বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমাদের এক হতে হবে। এই কঠিন পরস্থিতিকে হারাতেই হবে। মুম্বাইয়ের পুরনিগম ও কস্তুরবা হাসপাতাল পুরোপুরি লড়াইয়ে প্রস্তুত। আমি সকলের কাছে আবেদন করছি, দয়া করে যতটা সম্ভব বাইরে না বের হওয়ার চেষ্টা করুন।
তিনি আরো বলেন, নিজের জীবনের পরোয়া না করে বিমানবন্দরে চিকিৎসকরা রয়েছেন। তাদেরকে সহযোগিতা করা উচিত। যেখানেই থাকুন সুরক্ষিত থাকুন, হাঁচি, কাশির সময় মুখ ঢাকুন। যতটা সম্ভব বাইরে না বের হওয়ার চেষ্টা করুন। বাড়িতে থাকাই শ্রেয়। আপনার আশপাশে কেউ সর্দি-কাশিতে আক্রান্ত হলে, তাদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন, এই সুরক্ষার জন্য সাবধানতা আমাদের সকলকে মেনে চলতে হবে।
বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সাধারণ জনজীবন কঠিন হয়ে উঠছে সকলের জন্যই। এই পরিস্থিতিতে সবাইকে সচেতন থেকে একসঙ্গে লড়াই করার বিষয়ে, সরকারি নির্দেশিকা মানার বার্তা দিয়েছেন অনেক দেশের তারকা।








