ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বাংলাদেশের সংস্কৃতি চর্চার জন্য একটি প্লাটফর্ম দেওয়া এবং তাদের প্রতিভাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে রোববার যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি (ডিইউসিএস)।
এই সোসাইটির কাজ হবে বাংলাদেশের গণমাধ্যম ও সংস্কৃতির সাথে সম্পর্কিত প্রতিটি সমৃদ্ধ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করা।
অভিনয়, গান, নৃত্য, আবৃত্তি, ফ্যাশন, চলচ্চিত্র, ফটোগ্রাফি, সাহিত্য, সাংবাদিকতা, খেলাধুলাসহ নানা বিষয়ে দক্ষতা তৈরীর জন্য সেমিনার, কোর্স, কর্মশালা, বাৎসরিক প্রতিযোগিতাসহ বাংলাদেশের সংস্কৃতির প্রায় সব বিষয় নিয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে ডিইউসিএস। এছাড়া এসব সেক্টরে কিভাবে নিজের ক্যারিয়ার গড়া যায় তারও পথ দেখিয়ে দেবে এই সোসাইটি।
কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট পদে আছেন পপুলেশন সায়েন্স বিভাগের ওয়াসেক সাজ্জাদ এবং জেনারেল সেক্রেটারি পদে দায়িত্বরত আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আহসান রনি।
সোসাইটির প্রধান অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ঢাবির ছাত্রদের মধ্যে অনেকেই মিডিয়া ও কালচার সম্পর্কিত নানা কাজকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বাছাই করে কিন্তু সঠিক নির্দেশনার অভাবে অনেকেই পরবর্তীতে এই চিন্তা থেকে সরে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি ছাত্র-ছাত্রীদেরকে একটি অসাধারণ প্লাটফর্ম দিচ্ছে। আশা করি এই সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটি সমৃদ্ধ প্লাটফর্ম তৈরী করতে সক্ষম হবে।”
সংস্কৃতির যেকোন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রতিভা দেশে ও দেশের বাইরে পৌছে দেওয়ার জন্য সাহায্য করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি। অন্যান্য সংস্কৃতির সাথে পরিচিত করে তোলার জন্যও নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কালচারাল সোসাইটির প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের পরপরই ডিইউসিএস-এর নতুন সদস্য সংগ্রহ শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা।







