নানা শংকা ও ভয় সঙ্গে করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দিতে আসছেন দলটির নির্বাহী সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীসহ সারা দেশ থেকে নির্বাহী সদস্যরা রাজধানীর বিলাসবহুল হোটেল লা মেরিডিয়ানে সভাস্থলে আসছেন।
সকালে সভাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিদের অভ্যর্থনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ড. মঈন খান প্রমুখ ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।
সভায় আগত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অনেক চক্রান্ত, সরকারি বাধার পর অবশেষে নির্বাহী কমিটির সভা হচ্ছে। সরকারের আচরণে শংকিত না হয়ে পারা যায় না।

তিনি বলেন, এ সভা থেকে আমরা একটি নির্ভেজাল নির্বাচনের দাবি জানাব সরকারকে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে আমরা সরকারের কোন উস্কানি ও ফাঁদে পা দিব না। নিয়মতান্ত্রিক উপায়ে আমরা দাবি আদায় করবো। ৮ ফেব্রুয়ারির রায়ের পর কোন কঠোর কর্মসূচি আসবে কিনা তা এ সভায় আলোচনা হবে বলে জানান আব্দুস সালাম।
এর আগে সভায় অংশগ্রহণের জন্য শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচয়পত্র বিতরণ করে কেন্দ্রীয় কমিটি। গভীর রাত পর্যন্ত পরিচয়পত্র সংগ্রহ করতে দেখা গেছে নেতাদের। যারা পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তাদেরকে শনিবার সকালে সভাস্থলে প্রবেশের আগে পরিচয়পত্র সংগ্রহ করতে দেখা গেছে।
শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সভায় যোগ দিতে পরিচয়পত্রের জন্য আসা অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সরকারের সকল চক্রান্ত বানচাল করে আজকের সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন রিজভী।
রাতে গ্রেপ্তার হন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আল নোমান।
সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সন সভাস্থলে আসার পর আনুষ্ঠানিকভাবে নির্বাহী কমিটির সভা শুরু হবে বলে জানান চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বেগম খালেদা জিয়া স্বাগত বক্তব্য দেবেন।
কমিটি গঠনের ২২ মাস পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েক দফায় ভেন্যু পরিবর্তনের পর শেষ পর্যন্ত হোটেল লা মেরিডিয়ানে হচ্ছে এ বৈঠক।
সবশেষ ২০১৬ সালের ১৯ মার্চে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।







