বিশ্বের প্রথম ৮ জিবি র্যামের স্মার্টফোন বাজারে আসছে

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ‘সিইএস ২০১৭’-এ অনেক নতুন প্রযুক্তি ও প্রযুক্তি পণ্য উন্মোচিত হয়েছে। তার মধ্যে একটি হলো আসুসের জেনফোন জেনফোন এআর, যার রয়েছে ৮ জিবি র্যাম সুবিধা।
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুসের এই ফোনই বিশ্বের প্রথম ৮ জিবি র্যামযুক্ত স্মার্টফোন। শুধু তাই নয়, এটাই প্রথম হাই-এন্ড স্মার্টফোন, যেখানে গুগলের অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্ল্যাটফর্ম ‘ট্যাংগো’ ব্যবহার করা যাবে।
‘অগমেন্টেড রিয়েলিটি’ এমন একটি ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম, যেখানে বিশেষ সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে বাস্তব কোনো অবস্থানে ভার্চুয়াল চরিত্র এবং পারিপার্শ্বিক বস্তু বসিয়ে দেয়া হয়।
একই সঙ্গে ফোনটির হোম বাটনে যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা আগের জেনফোনগুলোতে ছিল না। ১৪৪০X২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চি সুপার অ্যামোএলইডি কিউএইচডি ডিসপ্লে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও অনেক স্পষ্ট ও আকর্ষণীয় করবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও সিইএসের একই অনুষ্ঠানে আসুসের আরেকটি স্মার্টফোন উন্মোচন করা হয়েছে, যার নাম আসুস জেনফোন থ্রি জুম। বলা হয়েছে, ফোনটি মূলত ফটোগ্রাফির জন্যই তৈরি।










