রোমাঞ্চকর ও উত্তেজনার সার্ফিংয়ে অনেক আগেই নাম লিখিয়েছে বাংলাদেশ। সেই রাস্তা ধরে বিশ্বের কাছে লাল-সবুজের নারী সার্ফাররা হয়ে উঠছেন বাংলাদেশের নারী স্বাধীনতার প্রতীক।
নানা প্রতিকূলতা, সামাজিক রক্ষণশীলতার বাঁধা এদেশের মেয়েদের। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে এগিয়ে চলছেন বাংলাদেশের মেয়েরা। সেই নারী সার্ফারদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল ‘পাবলিক ব্রডকাষ্টিং সার্ভিস (পিবিএস)।’
পিবিএসের প্রতিবেদনটি শুরু করা হয়েছে এভাবে- ‘কক্সবাজার বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, সেখানে তরুণদের ঘাঁটিতে অল্পসংখ্যক মেয়ে রয়েছে। প্রকৃতপক্ষে সেখানকার অধিকাংশ মেয়েই সার্ফার, যারা আশেপাশে রক্ষণশীল মুসলমানদের থেকে হুমকির সম্মুখীন। কিন্তু তাতে পাত্তা নেই তাদের। সেই নারী সার্ফাররা নিজেদের অন্য এক ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এটা না করলে তারা ঐতিহ্যগতভাবে অ্যাডাল্ট হওয়ার আগেই বিয়ে করে সংসারী হয়ে যেত।’
নারী সার্ফারদের নারীর ক্ষমতায়নের প্রতীক ধরে ‘ঢেউ তুলে বাংলাদেশের প্রত্যাশা পূরণ করছে নারী সার্ফাররা’ শিরোনামে প্রতিবেদনটি তৈরি করেছেন পিবিএসের বিশেষ প্রতিনিধি তানিয়া রশিদ।










