‘সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম/ হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারও সালাম/ তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝো বিজয়ের ভাষা/ মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা/ মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা’। একটি গান। শিরোনাম ‘ট্রিবিউট টু মাশরাফি’।
মাশরাফি বিন মর্তুজা এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই ক্রিকেট তারকা। সংবাদমাধ্যমে তাকে নিয়ে লেখা হচ্ছে, টিভিতে হচ্ছে টক শো। এবার মাশরাফিকে নিয়ে গান তৈরি হলো। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন রুম্মান চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন আবরার রহমান সিয়াম।
রবিউল ইসলাম জীবন জানান, ক্রিকেট তারকা মাশরাফির প্রতি সম্মান আর ভালোবাসা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গানটি প্রযোজনা করেছে এইচটিএম। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটির লিরিক ভিডিও আজ শনিবার অবমুক্ত করা হয়েছে।










