শিক্ষা

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফিরলেন আরেফিন সিদ্দিক

আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফিরলেন, ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফিরলেন, ফুলের তোড়া গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাড়ে আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক নিজ বিভাগে যোগ দিয়েছেন।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি যোগদানপত্রে সই করেন। সকাল সাড়ে এগারটার দিকে তিনি কলা ভবনে পৌছানোর আগে সেখানে উপস্থিত ছিলেন তার বিভাগের সহকর্মীরা। এসময় তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

চেয়ারপার্সনের কক্ষে তাকে স্বাগত জানান অন্য সহকর্মীরা। এরপর যোগদানপত্রে সই করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় সূত্রে জানা যায়, এখন থেকে তিনি শিক্ষকতাসহ বিভাগের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন। অবশ্য উপাচার্যের দায়িত্ব পালনকালেও তিনি ক্লাসরুম থেকে বিচ্ছিন্ন ছিলেন না। সম্মান প্রথম বর্ষের ‘যোগাযোগের ধারণা’ কোর্সটি তিনি নিয়মিত পড়াতেন।একাধিক মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করা অধ্যাপক আরেফিন সিদ্দিককে ২০০৯ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি। এরপর ২০১৩ সালের আগস্টে তিনি সিনেট সদস্যদের নির্বাচিত প্যানেলে আসলে সেই প্যানেল থেকে তাকে আবারও নিয়োগ দেওয়া হয়।

এরপর চলতি বছর আগস্টের ২৩ তারিখে তিনি উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ করেন।

বিষয়:আরেফিন সিদ্দিক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…