সরকারের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ কার্যক্রমের আওতায় শুরু হচ্ছে জেলার ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় তুলে ধরার কর্মসূচি। এ কার্যক্রমে এগিয়ে আছে চাঁদপুর জেলা। আজ শুক্রবার নানান আনুষ্ঠানিকতায় এই জেলা তুলে ধরবে তার পরিচয় ও গর্বের যত কথা। তারা বলছে, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’।
বাঙালির জাতিগত সমৃদ্ধির যে সুর, তা ইলিশের রূপে-গন্ধে ভরপুর। গভীর সমুদ্রের মাছ হলেও জীবনকালের কিছুসময় কাটে নদীর জলে। সন্তানসম্ভবা মেয়ে যেমন বাপের বাড়িতে আসে তেমনি ইলিশের প্রিয় ঠিকানা মেঘনা।
আর মেঘনা চাঁদসওদারগরের জেলা চাঁদপুর। চাঁদপুরকে ঘিরে যত বন্দনা তার শুরু থেকে শেষ যেন ইলিশকে ঘিরেই।
বাংলা সাহিত্যে সংস্কৃতি আর লোকজ জীবন আখ্যানে ইলিশ এক অনন্য গর্বের ধন। জীবনে ভাত খান না এমন বাঙালি পাওয়া গেলেও ইলিশ পছন্দ করেন না এমন দৃষ্টান্ত মেলা ভার। সব বাঙালির মুখেই ইলিশের অমৃত স্বাদ। 
মানুষসৃষ্ট কারণেই ইলিশ হারিয়ে যায়। আবার মানুষের ভালোবাসায় ঝাঁকে ঝাঁকে ইলিশ আসে চাঁদপুরে। মেঘনার স্রোতস্বিনী বুকে ইলিশের আলো ধাঁধিয়ে দেয় চোখ। ঘাটে ইলিশের পসরা বসে। ইলিশ চলে যায় ষোলো কোটির মুখে, ইলিশ যায় পৃথিবীর দেশে দেশে বাঙালি পরিচয় গায়ে মেখে।







