চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার রূপকথার জয়ের নায়ক তিনি। জাতীয় দলের জার্সি গায়ে টেনে এনেছেন ক্লাব ফর্মও। মেসি-রোনালদোকে আড়াল করে পাদপ্রদীপের আলোয় এখন নেইমার। তার বন্দনায় হবে নাতো কার হবে! সেই বন্দনায় এবার যোগ দিলেন ইতালি এবং এসি মিলানের কিংবদন্তি আলেজান্দ্রো কোস্তাকুর্তা। এই সাবেকের মতে মেসি-রোনালদোকে ছাড়িয়ে ২০১৭ সালের সেরা খেলোয়াড় ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান প্লে মেকারই।
দশ বছর ধরে মেসি সেরা না রোনালদো সে বিতর্ক চলছেই। ফিফা বর্ষসেরা কিংবা ব্যালন ডি অর- টানা দশটি শিরোপার নয়টি গেছে হয় মেসি নয়তো রোনালদোর ঘরে।
কোস্তাকুর্তার মতে এবার সেই আধিপত্য খর্ব হতে চলেছে নেইমারের হাত ধরে, ‘নেইমার ইতিমধ্যে ব্যালন ডি অরের জন্য একদম প্রস্তুত। আসলে, আমি বিশ্বাস করি মেসি-রোনালদোকে ছাড়িয়ে সে-ই এখন বিশ্বসেরা। নিঃসন্দেহে ২০১৭ সালের সেরা খেলোয়াড়।’
এই মৌসুমে ক্লাব বার্সেলোনার হয়ে ১৪বার বল জালে জড়িয়েছেন। জাতীয় দলের হয়ে করেছেন টানা পাঁচ গোল। ক্লাব-দেশের হয়ে বিপদে দলকে টেনে তুলেছেন। ব্যালন ডি অর প্রাপ্তির আশা করাটা নেইমারের জন্য খুব বেশি অযৌক্তিকও নয়! যদিও মৌসুমের অনেকটাই এখনো বাকি।








