করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলাধুলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনও এপ্রিলের পর করতে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার বিকেলে সচিবালয়ে সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রিকেট খেলায় বল করার সময় বল সুইং করানোর জন্য মুখের লালা ব্যবহার করা হয়, যা স্বাস্থ্য ঝুঁকি। তাই আপাতত সব খেলা বন্ধ রাখাই ভালো।’
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম রাউন্ডের খেলা সোমবারও মাঠে গড়িয়েছে। যদিও লিগ বন্ধ রাখা নিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।








