নির্বাচন উপলক্ষে সোমবার থেকে ২২৯টি পৌরসভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ৩১ ডিসেম্বর পর্যন্ত পৌরসভা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য বিজিবি মোতায়েন করা হচ্ছে। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছে।
৩০ ডিসেম্বর, বুধবার ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। এর ৩২ ঘণ্টা আগে অর্থাৎ সোমবার রাত ১২টার পর নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আর নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।
১০ হাজারের নিচে ভোটারের পৌরসভায় ১ প্লাটুনের কম, ১০ হাজার থেকে ৫০ হাজারের ভোটারের পৌরসভায় এক প্লাটুন এবং ৫০ হাজার থেকে ১ লাখ ভোটারের পৌরসভায় এক প্লাটুন বা তার বেশি এবং ১ লাখের বেশি পৌরসভায় ২ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১০২ পৌরসভায় ১০২ প্লাটুন বিজিবির কথা বলা হলেও এখন ভোটার অনুপাতে পৌরসভাগুলোতে বিজিবির সংখ্যা কম-বেশি করে দেয়া হচ্ছে। তবে সব মিলিয়ে সদস্য সংখ্যা একই থাকছে। প্রতি প্লাটুনে ৩০-৩৩ জন করে সদস্য থাকেন। ইসি কর্মকর্তারা জানান, ছয় উপকূলীয় পৌরসভা মূলাদী, মেহেন্দিগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, রামগতি ও পাথরঘাটায় কোস্টগার্ড থাকবে। বাকি ২২৯ পৌরসভায় ভোটার অনুপাতে বিজিবি মোতায়েন হবে।
এছাড়া পৌরসভায় নিরাপত্তায় ৭০ হাজারের বেশি পুলিশ, অর্ধ লক্ষাধিক আনসার-ভিডিপি, বিজিবি শতাধিক প্লাটুন, র্যাবের ৮১টি টিম ও ছয় প্লাটুন কোস্টগার্ড সদস্য নিয়োজিত থাকছে বলে জানান ইসি কর্মকর্তারা।






