‘রাবতা’ ছবির আইটেম গানে দীপিকা পাড়ুকোন বোল্ড লুক ভক্তদের মন কেড়ে নিয়েছে ইতিমধ্যেই। কালো পোশাকে আবেদনময়ী দীপিকা, ভক্তদেরকে মুগ্ধ করেছেন আবারও। কিন্তু এই গানের শুটিংয়ের জন্য বেশ খাটাখাটনি হয়েছে দীপিকার।
নিউইয়র্ক থেকে বুদাপেস্ট গিয়ে গানের শুটিং করার জন্য ২২ ঘণ্টা উড়োজাহাজে ভ্রমণ করতে হয়েছে এই তারকাকে। শুধু তাই নয়, এই ২২ ঘণ্টায় তাকে তিনবার বিমান বদলাতে হয়েছে। বন্ধু দিনেশ ভিজানের অনুরোধ ফেরাতে পারেননি ব্যস্ত এই তারকা। তাই বন্ধুত্বের খাতিরে মাত্র একটি গানের শুটিং এর জন্য এতো খেটেছেন তিনি।
দীনেশ ভিজানের কাছে নাকি দীপিকা পাড়ুকন ‘লাকি চার্ম’। এর আগে ‘লাভ আজ কাল’, ‘ককটেল’ ছবিতে দীনেশের সঙ্গে কাজ করেছেন দীপিকা। ‘রাবতা’ ছবিতে মূল চরিত্রের জন্য দীপিকাকে না পেলেও একটি গানের জন্য বান্ধবীকে রাজি করাতে পেরেছেন দীনেশ। আর তাতেই দারুণ খুশি তিনি। এ কারণে ছবির প্রচারণার জন্য দীপিকার গানটিকেই বেঁছে নিয়েছেন তিনি।
সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন অভিনীত ‘রাবতা’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। এ বছর ৯ জুন মুক্তি পাবে ছবিটি। ফিল্মি বিট।







