গ্রীষ্মকালীন দলবদলে মেসি, রোনালদো, এমবাপের পাশাপাশি ইংলিশ ফুটবলার হ্যারি কেনকে নিয়েও ছিল জোর চর্চা। ইএসপিএন জানিয়েছিল, যেকোনো মূল্যে কেন-কে কিনতে চায় ম্যানসিটি। এমনকি তার জন্য আরেকবার ব্রিটিশ রেকর্ড ভাঙতেও প্রস্তুত পেপ গার্দিওলার দল।
তবে দলবদলের সব গুঞ্জন চুকিয়ে শৈশবের ক্লাব টটেনহ্যাম হটস্পার্সের হয়েই খেলছেন হ্যারি কেন। যদিও ইংলিশম্যানকে পেতে সবরকমের চেষ্টাই চালিয়েছিলেন গার্দিওলা। স্পার্সদের কাছে চারবার আবেদনও পাঠিয়েছিলেন। শেষে ব্যর্থ হয়ে জানুয়ারিতে দলে নিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভেরেজকে।
হ্যারি চাইলেও তার দল টটেনহ্যাম কিছুতেই চাননি, ইংলিশ স্ট্রাইকার চলে যাক। আর সে বিষয়ে কোনো অনুযোগও নেই গার্দিওলার।
তিনি জানিয়েছেন, তার ক্লাবের কেউ চলে যেতে চাইলে তাকে কোনোভাবেই আটকাবেন না। একই সঙ্গে স্ট্রাইকার জুলিয়ানের ভবিষৎ নিয়েও উচ্চাকাঙ্ক্ষী সিটিজেনদের কোচ।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে সিটি কোচ বলেন, ‘রিভার প্লেটের হয়ে শেষ ম্যাচে তিনটি গোল করেছেন জুলিয়ান। ম্যানসিটি তার সঙ্গে অবিশ্বাস্য চুক্তি সেরেছে। কারণ সে এমন এক খেলোয়াড়, যে সত্যিই ভালো মুভ করে। গোলগুলো করে জেমি ভার্ডির মতো। ভবিষ্যতে কী হয় তা আমরা দেখব।’
হ্যারি কেনকে দলে টানতে না পেরে হতাশ হয়েছেন গার্দিওলা। তবে তার দলের স্ট্রাইকার শূন্যতা পূরণ হয়েছে। ইংলিশ স্ট্রাইকারের সঙ্গে করা টটেনহ্যামের ব্যবহারেও নাখোশ স্প্যানিশ কোচ।
সিটিজেনদের বস বলেন, ‘ক্লাব সবসময় চলবে, এটা কখনই থামবে না। যদি দলের পাঁচজন খেলোয়াড় বলেন চলে যেতে চান, আমরা প্রস্তুত থাকবো।’








