ড্যানিয়েল র্যাডক্লিফ নামটির চাইতেও ‘হ্যারি পটার’ নামটিই বেশি চেনা। হ্যারি পটার সিনেমায় অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে খ্যাতি পেয়েছেন এই ব্রিটিশ অভিনেতা। র্যাডক্লিফ জানিয়েছেন, ‘হ্যারি পটার’ চরিত্রে আর কখনোই অভিনয় করবেন না তিনি।
একটি সাক্ষাৎকারে ড্যানিয়েল র্যাডক্লিফকে জিজ্ঞেস করা হয়েছিল সুযোগ পেলে ‘হ্যারি পটার’ চরিত্রে তিনি আবার অভিনয় করতে চান কিনা। উত্তরে তিনি বলেন, ‘মনে হয় না। সাধারণত আমি না বলি না কোনো কিছুতে। কিন্তু এই ক্ষেত্রে হয়তো বলবো। আমার মনে হয় এধরনের ছবিগুলো অনেক এগিয়ে গেছে এবং আমাদের ছাড়াই ভালো করছে। এরকমই চলতে থাকুক, সেটাই চাই।’
তিনি আরও বলেন, ‘আমার জীবন এখন যেমন চলছে সেটাই ভালো লাগছে। কোনো ফ্র্যাঞ্চাইজিতেই ফিরবো না, এমনটা বলছি না। কিন্তু ক্যারিয়ারের এই স্বাধীনতা উপভোগ করছি। এমন কোনো পরিস্থিতিতে পড়তে চাই না যেখানে কোনো সিরিজের জন্য এক বছর আগেই চুক্তিবদ্ধ হয়ে থাকতে হবে।’
ড্যানিয়েল র্যাডক্লিফকে ‘ইস্কেপ ফ্রম প্রেটোরিয়া’ ছবিতে দেখা যাবে। ছবিটি সত্য ঘটনার উপর নির্মিত। এই ছবিতে টিম জেনকিনের চরিত্রে অভিনয় করবেন র্যাডক্লিফ। টিম জেনকিন একজন বর্ণবাদ বিরোধী কর্মী, যিনি বর্ণবাদী সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় দক্ষিণ আফ্রিকার কারাগারে বন্দী ছিলেন। টাইমস অব ইন্ডিয়া







